দামুড়হুদায় জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সাথে ইউএনও, ওসি ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি রফিকুল হাসান তনুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জিয়া মঞ্চের দামুড়হুদা উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও লাভলী ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয়, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় হয়। জিয়া মঞ্চের নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ দামুড়হুদা মডেল থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার অফিস কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
এরপর দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মনিরুল ইসলামের ফলের দোকানে গিয়ে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি রফিকুল হাসান তনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।


এ সময় জিয়া মঞ্চের দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি প্রভাষক আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি কবির উদ্দিন মোড়ল, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক তারিক কাজী ইমরান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক  হাসমত উল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, জিয়া মঞ্চের চুয়াডাঙ্গা জেলা শাখার অনুমোদনে দামুড়হুদা উপজেলা শাখায় ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রভাষক আবুল কালামকে সভাপতি এবং জতারিক কাজী ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।