কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ঝিনাইদহ অফিস
‘মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ) এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকারের অন্যতম ভিত্তি। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূলনীতি বাস্তবায়নে রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্যাতন, বৈষম্য, অন্যায় ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান আপেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
আলোচনায় মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবাধিকার শুধু কোনো একটি সংগঠনের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। তাই অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের কোনো বিকল্প নেই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।