জয়রামপুরে চলন্ত পাখিভ্যানে স্ট্রোক করে চালকের মৃত্যু

দর্শনা অফিস
দামুড়হুদা উপজেলায় পাখিভ্যান চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল হোসেন (৪৫) নামে এক ভ্যান চালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধা ৬টার দিকে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার ‘দোয়ার ধার’ নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত জুয়েল উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জুয়েল হোসেন পেশায় একজন পাখিভ্যান চালক। তিনি ভ্যান নিয়ে রুদ্রনগর থেকে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়রামপুর চৌধুরীপাড়া দোয়ার ধার এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানো অবস্থায় আকস্মিক স্ট্রোক করার কারণেই তার মৃত্যু হয়েছে। এ কারনে তিনি ভ্যান থেকে ছিটকে পড়েছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।