চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। মতবিনিময়কালে নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা গ্রহণ, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। আলোচনার শুরুতে ডিআইজি মহোদয় উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিতি হন।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও কারণ, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দিতে হবে। এ ধরনের অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা আগেই দেয়া হয়েছে বলে তিনি জানান। বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়ে ডিআইজি বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে ইন্টেলিজেন্স বেইজড ও টেকনোলজি বেইজড পুলিশিং এবং কমিউনিটি বেইজড পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
যানজট নিরসন, খেলাধুলা ও সুস্থ ধারার বিনোদনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণ ও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্কের বিষয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, থানার ওসিদের সাংবাদিকদের বক্তব্য দিতে বা তথ্য দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর চুয়াডাঙ্গা ও সুন্দর দেশ গড়তে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেদিকেও পুলিশকে সতর্ক থাকতে হবে। মাদক, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও বিভিন্ন অপরাধসংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিআইজি ও পুলিশ সুপার।
মতবিনিময়ে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আলামিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,  বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, স্টার নিউজের জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, নাগরিক টিভি জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি শিরিনা আক্তার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সদর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে  খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।