ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। এসময়  তিনি বলেন জুলাই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়। শহীদ আবু সাইদ, মুগ্ধসহ আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়।
তিনি আরও বলেন, শহীদদের আদর্শ, দেশপ্রেম, সাহসিকতা ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, তাঁদের ত্যাগ ও অবদানও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম. জাহিদ হোসেন এবং শিক্ষক জিন্টু মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষক আব্দুল আজিজ। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।