তারিকুর রহমান, জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল অবৈধ ইসকাপ উদ্ধার করেছে। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন দুই মাদক কারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলার কালা গাংপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শোভন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি চারটি মোটরসাইকেলে করে অবৈধ মাদক বহন করে কালা গাংপাড়া মাঠ এলাকা থেকে পেয়ারাতলা বাজারের দিকে যাচ্ছে। পরে পুলিশ কালা গাংপাড়া গ্রামের বিপুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে মোটরসাইকেলগুলোকে থামানোর সংকেত দিলে তিনটি মোটরসাইকেল দ্রুত পালিয়ে যায়।
এ সময় একটি পালসার মোটরসাইকেলের দুই আরোহীও পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮ বোতল অবৈধ ইসকাপ উদ্ধার করা হয়। পরে পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল ইসকাপ উদ্ধার, আসামি পলাতক



