চুয়াডাঙ্গায় জাহানারা যুব মহিলা সংস্থার আয়োজনে নারীদের আত্মনির্ভরশীল করতে কুলিনারি কুকিং কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নারীদের দক্ষ মানবসম্পদ ও সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জাহানারা যুব মহিলা সংস্থার আয়োজনে একদিনব্যাপী কুলিনারি কুকিং প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ায় অবস্থিত জাহানারা যুব মহিলা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে আধুনিক রান্নার বিভিন্ন কৌশল, স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত, আকর্ষণীয় পরিবেশন পদ্ধতি এবং খাদ্যের মান বজায় রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
সংস্থার নির্বাহী পরিচালক মোছা. জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মিজ্ মাহমুদা খাতুন, সহকারী পরিচালক আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। কুলিনারি প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন, যা পরিবার ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে মোছা. জাহানারা খাতুন বলেন, জাহানারা যুব মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে নারী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নারীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে সংস্থার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহানারা যুব মহিলা সংস্থার কো-অর্ডিনেটর অঞ্জন সাহা আবির।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।