পদ্মবিলা ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ সদস্য এবং বিতরণ কার্যক্রমের উপকারভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, কৃষকদের আধুনিক কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের সহায়তা কৃষি উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের হাতে স্প্রে মেশিন এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।