আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আওতায় নিহত নাফিজ গুলজার শান্তর পিতা জাহাঙ্গীর গুলজার এবং আহত নাহিদ পারভেজের হাতে মানবিক সহায়তার চেক তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
জানা যায়, গত ৪ জুন সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নান্দবার গ্রামের জাহাঙ্গীর গুলজারের ছেলে নাফিজ গুলজার শান্ত (২৮) ও একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে নাহিদ পারভেজ (২৩) বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বাড়ির পাশের একটি গাছে আগুন ধরে যায়। বজ্রাঘাতে দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা ঝড়-বৃষ্টির মধ্যেই তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ গুলজার শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদ পারভেজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে মানবিক সহায়তার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মৌদুদ আলম খাঁ, নান্দবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ মুন্সি, নিহত নাফিজ গুলজার শান্তর পিতা জাহাঙ্গীর গুলজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গার নান্দবারে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ



