আলমডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি, আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করতে হবে। এ উপলক্ষে গৃহীত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল ১০টায় জুলাই শহীদ মাসুদ রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বিকেল ৪টায় দিবসটি উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহামুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছা. সুমী খাতুন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফাত রহমান, আল ইমরান ও মাহমুদুল হাসান, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বিপুল, জেহালা, কুমারী, কালিদাসপুর ও গাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।