দামুড়হুদায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড

দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানার পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত আলার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২২)।
পুলিশ সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সেলিম রেজা গত ২২ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে  ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে খবর পান যে, দামুড়হুদা মিনি স্টেডিয়াম সংলগ্ন সাহেদ ফার্নিচার দোকানের সামনে এক ব্যক্তি মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ জনসাধারণকে বিরক্ত করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নতুন বাস্তপুর গ্রামের মৃত আলার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত পাঞ্জাবির ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ১ পুরিয়া গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে এসআই সেলিম রেজা আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।