তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে তিতুদহ গ্রামের এক কৃষকের ১৫ শতক জমির সব পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক আব্দুল হালিম। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতুদহ গ্রামের কৃষক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে নিজের ১৫ শতক জমিতে পটল চাষ করে আসছিলেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো ফলন উপযোগী হয়ে উঠেছিল। অল্প কিছুদিনের মধ্যেই ক্ষেত থেকে পটল বিক্রি করে ভালো আয় করার আশা করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা রাতের আঁধারে তার ক্ষেতের প্রায় সব পটল গাছ গোড়া থেকে কেটে ফেলেছে। সবুজে ভরা ক্ষেত মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ভুক্তভোগী কৃষক আব্দুল হালিম বলেন, অনেক কষ্ট করে ধার-দেনা করে এই পটল চাষ করেছিলাম। কয়েক দিনের মধ্যেই ফলন বিক্রি করতে পারতাম। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে আমার সব গাছ কেটে দিয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং তার ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
তিতুদহে ১৫ শতক জমির পটল গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা



