দর্শনা অফিস
দর্শনায় স্থানীয় জনতার সহযোগিতা ও পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ চুরির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের সংক্ষিপ্ত বিচার শেষে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এসআই মোল্যা আরিফুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া আবাসনসংলগ্ন ঝন্টু মিয়ার চায়ের দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কেনাবেচার সময় নয়টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে জোবায়ের হোসেন (৩৪), মোবারকপাড়ার আকরাম খাঁর ছেলে হাবিবুর হাকিম বিপ্লব (৩১), পরানপুর মাঝপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রহিম (২২) এবং শান্তিপাড়ার আব্দুর ওহাব মিয়ার ছেলে শাহিন মিয়া (৫১)।
এদিকে একই দিন রাত ৮টার দিকে এসআই আলমগীর কবির সংবাদ পেয়ে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের হাতে আটক রাশিদা খাতুন (৫৯) ও তার ছেলে সিজার ইসলাম ওরফে জিলার (২৬)-কে পুলিশের হেফাজতে নেন। অভিযোগ রয়েছে, তারা মাদকসহ ওই এলাকায় অবস্থান করছিলেন।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে এসআই আমানত উল্লাহ সংবাদ পেয়ে দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর হঠাৎপাড়ায় শাহেলা খাতুনের বাড়ির পেছনের একটি মেহগনি বাগান থেকে টেলিভিশন চুরির সময় স্থানীয়দের হাতে আটক রফিকুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করেন। রফিকুল ইসলাম দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। বর্তমানে তিনি দর্শনা পাঠানপাড়া রেল কলোনিতে বসবাস করেন।
পরে সাতজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করা হলে আদালত জোবায়ের হোসেন ও হাবিবুর হাকিম বিপ্লবকে এক বছর করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। এছাড়া রহিম, শাহিন মিয়া ও সিজার ইসলামকে দুই মাস করে কারাদণ্ড এবং পাঁচশত টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাশিদা খাতুনকে এক বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরির মামলায় রফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত সাতজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দর্শনায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৭ জন আটক



