স্টাফ রিপোর্টার
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় পল্লি উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক চত্বরে এক র্যালি বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পল্লী উন্নয়নের বোর্ডের উপ-পরিচালক জাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। সভার শুরুতে বাংলাদেশ পল্লী উন্নয়ন ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। চুয়াডাঙ্গায় পল্লী উন্নয়নে গ্রামীণ জনপদের মানুষের উন্নতিসাধনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সঙ্গে সম্পৃক্ত করতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ন রুগ্গা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, উপকারভোগী খাদিজা বেগম, শিক্ষার্থী উম্মে হালিমা প্রমুখ সভার শেষে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক ও গাছের চারা এবং পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ বোনাসের চেক বিতরণ করা হয়। সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।
দামুড়হুদা অফিস, গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দামুড়হুদা শাখার উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল এবং দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। দেশের সার্বিক উন্নয়নে গ্রামকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলমডাঙ্গা অফিস জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, বিআরডিবির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল মান্নান এবং এসএফডিএফ-এর উপজেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা। উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল এবং পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
জীবননগর অফিস জানায়, গতকাল সোমবার সকালে জীবননগর উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। জীবননগর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জামিল আখতার।



