ডিঙ্গেদহে ডা. আব্দুল বারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পদ্মবিলা প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও ডিঙ্গেদহ বাজারের ক্রিসেন্ট ফার্মেসির স্বত্বাধিকারী মরহুম ডা. আব্দুল বারীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ডিঙ্গেদহ বাজারস্থ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে এই আয়োজন করা হয়। বিসিডিএস চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সাদিকুজ্জামান রঞ্জু, জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, ডিঙ্গেদহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, ডিঙ্গেদহ, শরৎগঞ্জ, বদরগঞ্জ ও হিজলগাড়ী বাজারের ঔষধ ব্যবসায়ীরা, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্যরা।
স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুল বারীর কর্মময় জীবন, মানবিক গুণাবলি ও ঔষধ ব্যবসায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বারী ডাক্তার ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন মানুষ। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার ঔষধ ব্যবসায়ী সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।