অবৈধভাবে তীর মার্কা গমের ভূষি তৈরি করায় জীবননগরে শাহীন ট্রেডার্সকে ভোক্তা অধিকারের ১ লাখ টাকা জরিমানা

জীবননগর অফিস
জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের কীটনাশক ও ভূষির দোকান তদারকি করা হয়।
ভোক্তা অধিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার কীটনাশক ও ভূষির দোকানে তদারকি করা হয়। তদারকিকালে  সম্পূর্ণ অবৈধ উপায়ে ব্র্যান্ডের (তীর গমের ভূষি) নকল বা অবৈধ পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুসারে মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযান চলাকালীন ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। বিশেষ করে দোকানে প্রতিদিনের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা  করা এবং  মেয়াদোত্তীর্ণ পণ্য, ঔষধ বা বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও  জীবননগর থানা পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।