পুলিশের সহায়তায় আলমডাঙ্গার কেশবপুর গ্রামের সালাম গ্রুপ ও চেংগিস খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি 

স্টাফ রিপোর্টার 

পুলিশের সহায়তায় আলমডাঙ্গার কেশবপুর গ্রামের সালাম গ্রুপ ও চেংগিস খানের গ্রুপের দীর্ঘদিনের  বিরোধের নিষ্পত্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় উভয় গ্রুপের মধ্যে আলোচনা শেষে এ বিরোধের নিষ্পত্তি করা হয়। পরে কোলাকুলি ও মিষ্টিমুখ করানো হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান জানান, আলমডাঙ্গা থানার হারদী  ইউনিয়নের কেশবপুর  গ্রামের সালাম গ্রুপ ও মনসুর আলী চেংগিস খান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে তিনি এ বিরোধ মিটিয়ে ফেলার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।  তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উভয় পক্ষকে আলমডাঙ্গা থানায় ডেকে আনা হয়। এ সময় উভয়ের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়। একপর্যায়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে  সালাম গ্রুপ ও মুনসুর আলী চেংগিস গ্রুপের মধ্যে ২৫ বছরের সামাজিক দ্বন্দ্বের অবসান করানো হয়।  এ সময় উভয়ের মধ্যে কোলাকুলি ও  এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। 

প্রসংগত উভয় পক্ষের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় ও বিজ্ঞ আদালতে ২০/২২ মামলা চলমান আছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।