অনলাইন ডেস্ক
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখার জন্য খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। শনিবার, রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখার জন্য খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। শনিবার, রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার এল-৭ নম্বর ব্লকের সামনে দর্শনার্থীদের ভিড়। সেই ভিড় ঠেলে কেউ সামনে যাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার দূর থেকেই মুঠোফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন। হঠাৎ ভিড়ের কারণে ছোট ছেলেকে নিজের কাঁধে তুলে নিলেন এক বাবা। দুই হাতে শক্ত করে ধরে রাখলেন ছেলের পা। ছেলের হাতে দিলেন মুঠোফোন। দুই হাত দিয়ে মুঠোফোন উঁচিয়ে ধরে ছেলেটি প্রাণপণে চেষ্টা করছিল ভিডিও করার।
সরেজমিনে আজ শনিবার বেলা আড়াইটার দিকে দেখা যায় এমন দৃশ্য। বাবা-ছেলে মিলে চিড়িয়াখানার যে প্রাণীটির ভিডিও করছিল, সেটি বহুল আলোচিত আলবিনো জাতের মহিষ। প্রাণীটি এরই মধ্যে দেশ-বিদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত পেয়েছে। মহিষটিকে একনজর দেখতে চিড়িয়াখানার ওই ব্লকে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন।
পরে কথা হয় ওই বাবা-ছেলের সঙ্গে। বাবার নাম আবু সুফিয়ান। ছেলে সাফওয়ানকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন তিনি। সুফিয়ান বললেন, তাঁরা পরিবারসহ ফিলিপাইনে থাকেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে এসেছেন। গ্রামের বাড়ি জয়পুরহাটে ঈদ উদ্যাপন করে গতকাল শুক্রবার ঢাকায় ফিরেছেন। বর্তমানে ধানমন্ডিতে স্ত্রীর বড় বোনের বাসায় থাকছেন। সেখান থেকেই ছেলের আবদার পূরণ করতে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন।
সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘ছেলে টেলিভিশনে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখে। এর পর থেকেই চিড়িয়াখানায় আসার জন্য বায়না ধরেছিল। ঢাকায় ফিরেই ওকে নিয়ে এখানে এসেছি। মহিষটিকে সামনে থেকে দেখে সে খুব খুশি।’
সাফওয়ানও বেশ উচ্ছ্বসিত। সে বলল, ‘অনেক ভালো লাগছে। ওর হেয়ার স্টাইলটা একদম ডোনাল্ড ট্রাম্পের মতো।’
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখতে চাচার হাত ধরে এসেছে ছোট্ট সাবিহা ইসলাম। শনিবার, রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখতে চাচার হাত ধরে এসেছে ছোট্ট সাবিহা ইসলাম। শনিবার, রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
মহিষটি ঘিরে দর্শনার্থীদের আগ্রহ যেন একটু বেশিই। সরেজমিনে দেখা যায়, কেউ পরিবার নিয়ে এসে ছবি তুলছেন। কেউ আবার শিশুদের দেখিয়ে দিচ্ছেন প্রাণীটিকে। দর্শনার্থীদের অনেকেই বলছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আর বিভিন্ন সংবাদমাধ্যমে মহিষ ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে তাঁরা এটিকে দেখতে এসেছেন।
আমিনবাজারের বেগুনবাড়ি এলাকা থেকে চাচা দেলোয়ার হোসেনের সঙ্গে চিড়িয়াখানায় এসেছে তৃতীয় শ্রেণির ছাত্রী সাবিহা ইসলাম। তবে দূর থেকে শুধু চোখে দেখে মন ভরছিল না। তাই চাচার কাছ থেকে মুঠোফোন চেয়ে নিয়ে মহিষটির ভিডিও করতে যায় সে।
কিন্তু তখন দেখা যায়, ফোনে আর কোনো খালি জায়গা নেই। হাল না ছেড়ে নিজেই ফোনের পুরোনো কিছু ছবি আর ভিডিও মুছে ফেলে সাবিহা। দুই দফা ফাইল মুছে ফেলার পর অবশেষে মহিষ ডোনাল্ড ট্রাম্পের ভিডিও করতে পারে সে।



