স্টাফ রিপোর্টার
পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী। পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়।
আজ বৃহস্পতিবার (ঈদের দিন) সকাল প্রায় ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঁখি স্থানীয় ড্রাইভার আব্দুল্লাহর মেয়ে এবং সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। তাৎক্ষণিকভাবে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈদের আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।



