স্টাফ রিপোর্টার
সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় জোরদার করা হয়েছে পুলিশের চেকপোস্ট অভিযান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল পরিবহন হচ্ছে কি না, তাও তদারকি করা হয়। জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়। এতে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ৮টি মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সবিহীন ২৪টি এবং হেলমেটবিহীন ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
জানা গেছে, জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চুয়াডাঙ্গা একাডেমি মোড়, দৌলতদিয়ার, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে পৃথকভাবে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি চালানো হয়। চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর টি আই এডমিন আমিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় নিয়মিতভাবে পুলিশের চেকপোস্ট অভিযান পরিচালিত হচ্ছে। আজ জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৪৮ জন মোটরসাইকেল চালককে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।



