জীবননগর অফিস
তেল পাম্পে চাপ ও ভোগান্তি কমাতে কৃষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে জীবননগর উপজেলা প্রশাসন। এখন থেকে ডিজেল বা পেট্রোল সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে প্রত্যয়নপত্র সংগ্রহ করা যাবে। পরে সেই প্রত্যয়নপত্র দেখিয়ে খুচরা বাজারের নির্ধারিত এজেন্ট পয়েন্ট থেকে তেল ক্রয় করতে হবে। প্রত্যয়নপত্র ছাড়া কোনো কৃষককে তেল দেওয়া হবে না। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, তেল নিতে গিয়ে কোনো ধরনের হট্টগোল বা মব সৃষ্টি করা যাবে না। নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে তেল সংগ্রহ করতে হবে। কেউ তেল নিয়ে বাড়িতে বা অন্য কোথাও অবৈধভাবে মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকেরা জানিয়েছেন, বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ফসলে নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে বোরো ধানের ক্ষেত্রে সময়মতো সেচ না দিলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। কিন্তু ডিজেল তেল সংকটের কারণে পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। তারা আরও বলেন, প্রত্যয়নপত্র নিতে কিছুটা বাড়তি ভোগান্তি হলেও যদি এজেন্ট পয়েন্ট থেকে সহজে তেল পাওয়া যায়, তাহলে তা কৃষকদের জন্য স্বস্তির হবে।
উপজেলা প্রশাসনের আশা, নতুন এ ব্যবস্থার মাধ্যমে তেল বিতরণে শৃঙ্খলা ফিরবে এবং কৃষকরা প্রয়োজনীয় জ্বালানি সময়মতো পেতে সক্ষম হবেন।
জীবননগরে কৃষকদের জন্য ডিজেল ও পেট্রোল সংগ্রহে নতুন নিয়ম



