জীবননগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জীবননগর অফিস
জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমের এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকদের মাঝে যে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হচ্ছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিশেষ মনিটরিং টিম কাজ করবে।
ডিজেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকদের সুবিধার্থে প্রত্যয়নপত্র প্রদান করা হবে। ওই প্রত্যয়নপত্র দেখিয়ে তারা বাজারের নির্ধারিত এজেন্ট পয়েন্ট থেকে ডিজেল সংগ্রহ করতে পারবেন। তবে কোনোভাবেই তেলের অবৈধ মজুদ করা যাবে না। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় মোট ৬ হাজার কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষককে ৫ কেজি করে পাটের বীজ, ২০০ কৃষককে ৫ কেজি করে মুগের বীজ এবং ১৩০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি ও পটাশ সার দেওয়া হচ্ছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।