জমিজমা বিরোধে দর্শনার ঝাঁজাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

দর্শনা অফিস
দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দামুড়হুদার চিতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাজাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান ও প্রতিপক্ষ বকুল-ইসমাইল গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহতরা হলেন আব্দুল মান্নান (৫০), তার ছেলে সানোয়ার (২৫) ও আনোয়ার (৩০), একই গ্রামের নফর মন্ডলের ছেলে নুর আলম (৪৫) এবং নুর আলমের বাবা এসোস (৬০)।
আহত আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বকুল ও ইসমাইল গং আমার ভ্যান কেড়ে নেয়। আমি প্রতিবাদ করতে গেলে তারা আমাকে মারধর করে এবং হুমকি দেয়। পরে আমি বাড়িতে ফিরে ছেলেদের নিয়ে থানায় যাওয়ার প্রস্তুতি নিই। কিন্তু দর্শনা থানায় যাওয়ার পথে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। রড, লাঠি ও সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আমাদের গুরুতর আহত করে। তিনি আরও জানান, আমার এক ছেলের এখনো জ্ঞান ফেরেনি, তার অবস্থা আশঙ্কাজনক। আরেক ছেলের মাথা ফেটে গেছে। নুর আলমের হাত ভেঙে গেছে বলে আশঙ্কা করছি। আমরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
এদিকে প্রতিপক্ষ বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা নিয়ে তাদের সঙ্গেই আমাদের বিরোধ ছিল। তবে তারাই আগে আমাদের ওপর চড়াও হয়। আমি মূলত পরিস্থিতি ঠেকাতে গিয়েছিলাম। কিন্তু উল্টো তারা আমার ওপর হামলার চেষ্টা করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।