মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলমডাঙ্গায় আলোচনা ও র‌্যালি

আলমডাঙ্গা অফিস
মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন এর উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন রোড মোড়ে গিয়ে শেষ হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন পান্না আক্তার। তিনি বলেন, পৌর এলাকায় মশক নিধন ও প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশা এর মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসায় ডেঙ্গু ভালো হয়ে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে। এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
তিনি সকলকে ঘর ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম দূর করতে পাত্রগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করার পরামর্শ দেন। র‌্যালি শেষে আলিফ উদ্দিন রোড মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
আলমডাঙ্গা পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার সিএইচআর জীবন, পরিচ্ছন্নতা ইন্সপেক্টর মামুন আক্তার, কর আদায়কারী মোস্তাক আহমেদ, সাহাবুল হোসেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহাগ আলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।