আলমডাঙ্গায় যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার আসননগর গ্রামে সুজন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। নিহত সুজন আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সুজন তার স্ত্রী লিমা ও তিন সন্তানকে মারধর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে তার বড় ছেলে লিমন বাড়িতে এসে গেটে তালাবদ্ধ দেখতে পান। পরে প্রাচীর টপকে ভেতরে ঢুকে তিনি ঘরের ভেতর রশিতে ঝুলন্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই স্ত্রী-সন্তানদের ওপর নির্যাতন করতেন। প্রতিবেশীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন, যার কারণে ধীরে ধীরে এলাকাবাসী তার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। তার বড় বোন হাসি জানান সুজন দীর্ঘদিন যাবৎ মাদকাসক্তের কারনে তেমন যোগাযোগ হয়না। তবে মাঝে মাঝেই বাড়ি মারধর করতো স্ত্রী লিমাকে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।