চুয়াডাঙ্গায় মৌসুমী ফুড ও অন্যানা ফুড বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও অগ্রীম পণ্য তৈরিসহ একাধিক অভিযোগে চুয়াডাঙ্গায় দুই বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত  চুয়াডাঙ্গা শহরের পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল রবিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা  থেকে দুপুর ২ টা পর্যন্ত তদারকিমূলক অভিযানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়। এ সময় বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারী পণ্য তৈরি করায় মো:  মো: সাইদুর রহমান এর বেকারী মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩  ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পৃথক আরো একটি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে  মো: সাইদুল ইসলাম এর প্রতিষ্ঠান অন্যানা ফুড প্রোডাক্টকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই বেকারীকে মোট দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  
এসময় মান সম্মত পণ্য বিক্রি,  মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।