উথলীতে ট্রেন লাইনের লোহার পাত ভেঙ্গে পড়ায় চার ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে ট্রেন লাইনের লোহার পাত ভেঙ্গে পড়ায় এতে চার ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উথলী ফার্মগেটের নিকট রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় গেইট ম্যান মনিস কুমার শর্মা বলেন, সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার পরে লাইনের কিছু অংশ ভাঙ্গা দেখতে পাই। ট্রেন লাইনের ৬ইঞ্চি লোহার পাত ভেঙ্গে ছিটকে অনেক দূরে চলে যায়। সাথে সাথে বিষয়টি পার্শ্ববর্তী স্টেশন ও উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি। পরে সাময়িক সময়ের জন্য ট্রেন আশেপাশের স্টেশন গুলোতে অবস্থান নেয়।
উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি আপ আন্তঃনগর রূপসা ট্রেনটি উথলী ছেড়ে যাওয়ার সময় রেল লাইনের লোহার পাত ভেঙ্গে যায়। এতে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। লাইনের কাজ শেষ করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হয়েছে। মেরামতের কারনে চার ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন হয়।
সকাল সাড়ে ১১ টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে এ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য টিম এসে মেরামতের কাজ শুরু করে। মেরামতের সময় কিছুক্ষণ অপেক্ষায় রেখে পর্যায়ক্রমে চিত্রা(আপ), সুন্দরবন(ডাউন), রকেট(আপ) ও একটি মালবাহী ট্রেন(ডাউন) ঝুঁকিপূর্ণ অবস্থায় ধীর গতিতে পার করে। মেরামতের কাজ শেষ করে শুক্রবার দুপুর ২টার দিকে ট্রেনচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।