স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার শানবাঁধানো পুকুরে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে জড়ো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে এখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুয়াডাঙ্গার বেলগাছিতে পুকুরে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার



