আলমডাঙ্গা অফিস
পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার মাছবাজার, মুরগি বাজার ও হলুদপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।
অভিযানকালে ফুটপাত দখল করে মাছ ও মুরগি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মাছ ব্যবসায়ী সুজন (৩৬) কে ৫ হাজার টাকা, মাছ ব্যবসায়ী রুহুল (৩৫) কে ৫ হাজার টাকা, মুরগি ব্যবসায়ী ইমন (২৮) কে ২ হাজার টাকা, মাছ ব্যবসায়ী শীতল (২৫) কে ৫ হাজার টাকা এবং মাছ ব্যবসায়ী রানা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক সহযোগিতা করেন আলমডাঙ্গা থানার এসআই ফাহিমসহ সঙ্গীয় ফোর্স।
ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড



