আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযানে দুইজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে একজন অস্ত্রধারী ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নির্দেশনায় ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে বলরামপুর মণ্ডলপাড়ায় মোবাইল ফোন কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাদীর ছেলেকে হুমকি দেওয়ার সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল মতিনকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১২ ইঞ্চি লম্বা একটি দেশীয় চাপাতি ও তালাবদ্ধ ২৩ ইঞ্চি লম্বা একটি লোহার চেইনসহ কালিদাসপুর এলাকার বাবলু মণ্ডলের ছেলে সোহেল রানা ওরফে রাব্বি (২০) কে আটক করে।


অপর দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কেদারনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কেদারনগরের লাল্টু রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) কে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।