আলমডাঙ্গা অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গা পৌর প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর প্রশাসক পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রি বন্ধ রাখা এবং সার্বিক বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে। অতিরিক্ত মুনাফা বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সার্বিক সহযোগিতা করা হবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে পৌরসভা নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. শাহনেওয়াজ মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পৌর পরিদর্শক মাহফুজুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা উন্নয়ন নাগরিক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
আলমডাঙ্গা পৌর প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় অনুষ্ঠিত



