স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গার কৃষি বিপণন অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয়ের ট্রেনিং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ী, বাজার কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, অতিরিক্ত মুনাফা পরিহার করা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে যাতে পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকে এবং কোনো অসাধু চক্র যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সভায় ব্যবসায়ীরা রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় বাজার মনিটরিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার বাজারগুলোতে পন্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। আজকের এই মতবিনিময় সভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে অসাধু ব্যবসায়ীরা এই রমজানকে পুঁজি করে পন্যের দাম বৃদ্ধি করে মুনাফা অর্জন করতে না পারে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলে পণ্যের দাম স্থিতিশীল রেখে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। যাতে ক্রেতারা পণ্য কিনতে এসে স্বস্তির বিশ্বাস ফেলেন। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করলে আশা করা যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি হবে না।
সভায় আরোও উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপনণ কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, মেসার্স মাওয়া ট্রেডার্স এর মালিক মোহাম্মদ আজিজ উদ্দিন, মেসার্স এল এস ট্রেডার্স এর মালিক মোহাম্মদ খালিলুর রহমান, মেসার্স আশিক ট্রেডার্স এর মালিক মোহাম্মদ আব্দুল কাদের, মেসার্স শুপ্তি এন্টারপ্রাইজ এর মালিক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম প্রমুখ। পরে ব্যবসায়ীদের মাঝে মূল্য তালিকা লেখার বোর্ড হস্তান্তর করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত



