স্টাফ রিপোর্টার
ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকায় চুয়াডাঙ্গা বাদুর তলার হাসান ফ্লাওয়ার মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের কয়েকটি বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা-অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গতকাল বুধবার পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এ সময় বাদুরতলা এলাকায় অভিযানকালে উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় জনাব জেসমিন আরা পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স হাসান ফ্লাওয়ার মিলসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকায় চুয়াডাঙ্গার বাদুর তলার হাসান ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা



