আলমডাঙ্গা অফিস
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জানুয়ারি ২০২৬ মাসে সম্মাননা স্মারক পেয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেড-এ আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, ডিআইও-১ (ডিএসবি), জেলার সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা।
জানা গেছে, থানার সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনা, মাদকবিরোধী অভিযান জোরদার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর ওসি বানী ইসরাইল বলেন, এই অর্জন আলমডাঙ্গা থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের সহযোগিতা নিয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো।
উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল



