আলমডাঙ্গা অফিস
“মানুষ মানুষের জন্য”—এই মানবিক চেতনা ধারণ করে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের গৌরীহদ গ্রামের প্রবাসীরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল বুধবার ৩৩টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের জন্য নির্ধারিত প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্যতেল, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম সেমাই ও ১ কেজি চিনি। প্রতিটি প্যাকেটের মূল্য ধরা হয়েছে ১,৮৯৭ টাকা। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করায় উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা গেছে।
সংগঠনের সভাপতি জামিল হোসেন বলেন, আমরা সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই উদ্যোগ দেখে যদি জেলা থেকে শুরু করে সারাদেশে আরও মানুষ মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকার সচেতন মহল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—উপকারভোগী পরিবারগুলোর বাড়িতে গাড়ির মাধ্যমে সরাসরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে সহায়তা গ্রহণ করতে পারেন এবং কোনো ভিড় বা ভোগান্তির শিকার না হন।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
আলমডাঙ্গায় প্রবাসীদের মানবিক উদ্যোগে ৩৩ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ



