আলমডাঙ্গায় প্রশাসনের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানার

আলমডাঙ্গা অফিস
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। গতকাল বুধবার  বিকাল সাড়ে তিনটায় আলমডাঙ্গা শহরের মুরগি বাজার, মাছ বাজার, ফল বাজার ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক রাখা হচ্ছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত দামে পণ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় মাছ বাজারে ড্রেনের ওপর বসে মাছ ও মুরগি বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলকভাবে ২শ’ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থে কেউ অতিরিক্ত মুনাফা করলে বা আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।