মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যাটারিচালিত পাখিভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হাড়িয়াদহ-মালসাদহ সড়কের একটি ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলাউদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩১), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শৈলকুপা গ্রামের সিয়ামত আলীর ছেলে মাজিদুল ইসলাম (৩৮) এবং ভ্যানচালক মিনারুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ধানখোলা বাজার থেকে পাখিভ্যানে করে ওষুধ কিনতে গাংনী বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগতির একটি ইজিবাইক পাখিভ্যানটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানে থাকা মোস্তাফিজুর রহমান ও মাজিদুল ইসলামসহ চালক মিনারুল ইসলাম সড়কে ছিটকে পড়ে রক্তাক্ত আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়নি।
গাংনীতে পাখিভ্যান-ইজিবাইক সংঘর্ষে আহত ৩



