জীবননগরে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জীবননগর অফিস
পবিত্র রমজান মাস উপলক্ষে জীবননগর উপজেলায় ৩শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী সদস্য ও সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার আলম, জীবননগর থানার ওসি (অপারেশন) আতিয়ার রহমান, ওসি (তদন্ত) রিপন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার এবং এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংস্থাটি এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সভাপতির বক্তব্যে সাব্বির সামি মুহিত বলেন, রমজান মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সেই চেতনায় দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার এবং জরুরি সহায়তাসহ প্রায় ৩০টি প্রকল্প নিয়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।