স্টাফ রিপোর্টার
দেশের আলোচিত ইসলামী বক্তা ও নবনির্বাচিত সংসদ সদস্য মুফতী আমির হামজা (কুষ্টিয়া-৩) নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চুয়াডাঙ্গার লেখক ও চিন্তক মাসুদ রানা (শেখ সাগর) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজয়ের পর দেওয়া পোস্টে আমির হামজা লেখেন, শিকড়ের কাজ গভীর এবং আড়াল থেকে গাছকে শক্তিশালী করা ঝড়ের সময় মাটির সঙ্গে গাছকে ধরে রাখা ও সার্বক্ষণিক প্রাণ সঞ্চার করা।
তিনি উল্লেখ করেন, কঠিন সময়ে ‘ইনসাফের পক্ষের’ অনেক কান্ডারি মাসুদ রানার গভীর চিন্তা ও মেধা থেকে উপকৃত হয়েছেন। আমির হামজা আরও লেখেন, তার মেধাতে আল্লাহ বরকত দান করুন।
জানা গেছে, নির্বাচনী সময়জুড়ে মাসুদ রানা (শেখ সাগর) বুদ্ধিবৃত্তিক পরামর্শ, রাজনৈতিক বিশ্লেষণ এবং কৌশলগত চিন্তার জায়গায় সহযোগিতা করেছেন। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে অবস্থান ব্যাখ্যা, নীতিগত যুক্তি উপস্থাপন এবং সমর্থকদের মধ্যে বার্তা পৌঁছে দিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
মাসুদ রানা শেখ সাগর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং শেখ রবিউল হকের ছেলে। লেখালেখির জগতে তার অবস্থান সুদৃঢ়; বাংলাদেশ ও ভারত—উভয় দেশ থেকেই তার বই প্রকাশিত হয়েছে। অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম ‘রকমারি’ তে তিনি বেস্টসেলার লেখকের স্বীকৃতি পেয়েছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে তৃষ্ণার্ত মুসাফির, যুবক! ইউ আর দ্যা গেমচেঞ্জার, এবং যেমন তরুণ চাই। তিনি ইসলামী জীবনাদর্শ, যুবসমাজ ও রাষ্ট্রচিন্তা বিষয়ক লেখালেখির জন্য পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।
নির্বাচিত হয়েই চুয়াডাঙ্গার লেখক মাসুদ রানাকে কৃতজ্ঞতা জানালেন মুফতী আমির হামজা



