আলমডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার দুপুর ১২টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।
মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, আহত ও হুমকি-ধামকির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করে তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।
চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মোস্তাফিজুরের বড় ভাই হাফিজুর রহমান, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম। সভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।