স্টাফ রিপোর্টার
নির্বাচনে বিজয় লাভের পর চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে দামুড়হুদার লোকনাথপুরে একটি রিসোর্টে অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি বলেন, এখন থেকে সমাজের সকল ভালো ও ইতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ইতিবাচক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণই একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সম্পৃক্ততা রেখে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি।
ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম উল্লেখ করে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি দলমত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, হাইকোর্টের অ্যাড. আসাদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিনসহ দামুড়হুদা, দর্শনা ও জীবননগর উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারিসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এমপি রুহুল আমিনের বার্তা দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ



