মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে এ সহিংসতার ঘটনা ঘটে।
আহতরা হলেন, জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), তার ভাই মাসুদ (৪৫) এবং ঝন্টু আলীর ছেলে জুয়েল (২৮)। গুরুতর আহত উজ্জ্বল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে। অন্য দু’জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল হোসেন জানান, তারা সকলে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। সকালে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে অবস্থানকালে নির্বাচনে দলীয় কার্যক্রমে যুক্ত থাকার জেরে বিএনপির কয়েকজন কর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মহিবুল, তার ছেলে রিপন, বেলু ও সাহেবের নাম উল্লেখ করেন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেলের প্রধান মাহাবুব অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকেই বিএনপি কর্মীরা বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, যারই বহিঃপ্রকাশ এ হামলা।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের ৩ কর্মী আহত



