স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ৪১ ঘন্টার জন্য সকল প্রকার হোটেল ও খাদ্য সামগ্রীর দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সি খানা শাখা কর্তৃক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী নির্দিষ্ট সময়জুড়ে জেলার সকল প্রকার দোকান, চা–স্টল, ফাস্টফুড, হোটেল-রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত মোট ৪১ ঘন্টা এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে জেলার কোনো স্থানে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না। সংশ্লিষ্ট দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, এই নির্দেশনা বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪, দণ্ডবিধি ১৮৬০ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সকল নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে।



