নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দামুড়হুদায় সমন্বয় সভায় বিজিবির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সমন্বয় সভা করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দামুড়হুদায় আসেন এবং স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গতকাল সোমবার দুপুরে জেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি চুয়াডাঙ্গার  সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (ছজঋ), র‌্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সমন্বয় সভায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবং কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।