দর্শনায় ধানের শীষের সমর্থনে বিএনপির গণমিছিল

দর্শনা অফিস
দর্শনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দর্শনা থানা ও পৌর বিএনপির আয়োজনে মিছিলটি এক কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলটি বাদ আসর দর্শনা আলহেরা ইসলামি একাডেমিক মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে রেলবাজার, রেলগেট প্রদক্ষিণ করে পুরাতন বাজার দোয়েল চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো লোকে লোকারণ্যে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও হাতে হাতে দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাজী খন্দকার শওকত আলী, প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যান্য সমন্বয়ক মশিউর রহমান, মাহাবুবুল ইসলাম খোকন, বিএনপি নেতা মহিদুল ইসলাম, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে দর্শনা, দামুড়হুদা ও জীবননগরের মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় ভোটার মোঃ মোবারক জানান, ধানের শীষ বিজয়ী হলে দর্শনায় উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরবে।
মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দর্শনা শহর পুরোপুরি মিছিলমুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর দর্শনায় ধানের শীষের পক্ষে এত বড় রাজনৈতিক গণমিছিল প্রত্যক্ষ করলেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।