ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রেজাসহ জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
দুপুর থেকেই ঝিনাইদহ-২ আসনের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা শহরে এসে জড়ো হতে থাকেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাপক জনসমাগমে গোটা শহর জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। মিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ গণমিছিলকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।