মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিক রিমন হোসেনকে আটক করে সেনাবাহিনী। গতকাল সোমবার দুপুরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জোড়পুকুরিয়া বাজারের রিমন হোসেনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দোকান থেকে লাল স্কচ টেপ দিয়ে জড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দোকান মালিক রিমন হোসেনকে। উদ্ধার হওয়া ককটেল এবং আটক রিমনকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানাই সেনাবাহিনীর অভিযানদল।
অপরদিকে মুজিবনগরের দারিয়াপুর এলাকা থেকে ১টি ককটেল সাদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে খানপুর পুরন্দপুর রোডের দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসার পূর্ব পাশে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে দিলে মুজিবনগর থানা পুলিশ ও যৌথ বাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত ককটেল সাদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার আটক-১



