মেহেরপুর অফিস
মেহেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেছেন, “ভোট দেবেন, সঙ্গে ভোটকেন্দ্রও পাহারা দেবেন। কোনো ষড়যন্ত্র হলে আমরা কেন্দ্র ছেড়ে যাব না। পাড়া-মহল্লা ও গ্রাম-গঞ্জে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন, যাতে কেউ আমাদের ভোটাধিকার ক্ষুণ্ন করতে না পারে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে মেহেরপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। বিগত দিনের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানাই। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। মেহেরপুরে কেউ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। দলমত নির্বিশেষে ধানের শীষ গ্রামবাংলার মানুষের প্রতীক। সবার আগে বাংলাদেশ।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজনসহ দলীয় নেতাকর্মীরা। সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মেহেরপুরে বিএনপির জনসভায় এমপি প্রার্থী মাসুদ অরুণ



