জীবননগর অফিস
জীবননগরে একটি মসজিদ থেকে পানি তোলার মোটর চুরি করে পালানোর সময় রাহাত (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আটক রাহাত জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোরের দিকে বাঁকা আশতালা পাড়ার একটি মসজিদের ওজুখানায় ব্যবহৃত পানির মোটর খুলে নিয়ে কাছের একটি কালভার্টের নিচে লুকিয়ে রাখে রাহাত। পরে সেখান থেকে মোটর নিয়ে পালানোর চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। আটকের পর স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদে সে মোটর চুরির কথা স্বীকার করে। একই সঙ্গে শবে বরাতের রাতে জীবননগর কেন্দ্রীয় গোরস্থান থেকেও একটি মোটর চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এ ঘটনায় গোরস্থান কমিটির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, চোর আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে মসজিদ থেকে পানির পাম্প চুরি করে পালানোর সময় যুবক আটক



