আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে জরিমানা

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভায় মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার অপরাধে ভাংবাড়িয়া ইউনিয়নের এক বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা, প্রতীকের নির্ধারিত দৈর্ঘ্য অতিক্রম করায় বাদেমাজু গ্রামের এক জামায়াত সমর্থককে ৫ হাজার টাকা এবং বেলগাছী গ্রামের আরেক জামায়াত সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে অভিযানে বের হন। এসময় আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন তার নজরে আসে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিতে আসছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার করে জনসভায় আসার অপরাধে ভাংবাড়িয়া গ্রামের মিজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বাদেমাজু গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে নির্ধারিত ৩ মিটার দৈর্ঘ্যের বেশি প্রতীক উত্তোলনের দায়ে জামায়াত সমর্থক বাদেমাজু গ্রামের জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালিয়ে আচরণবিধির ২(ক) ধারা লঙ্ঘনের দায়ে বেলগাছী গ্রামের জাহিদুল হক মালিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।